নুর আলম সিদ্দিক, পার্বতীপুর (দিনাজপুর) : অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ (১৮ অক্টোবর) শনিবার বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এলাকার ওই প্রতিষ্ঠানের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উক্ত বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেনীর দুই শিক্ষার্থী যথাক্রমে আবিদা রহমান তাহিয়া ও ফারিয়া তবাচ্ছুম তৃষার সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আরাফাত জামিলের তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়, ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ সৈকত, পার্বতীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ফয়জুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, কর্মচারী, সাংবাদিকবৃন্দ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য বিদ্যালয়টি থেকে এবার ৮ জন শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে নতুন কুঁড়ি ২০২৫ এর প্রথমিক বাছাইয়ে ৮টি ইয়েস কার্ড অর্জন করে।


