নুর আলম সিদ্দিক, (পার্বতীপুর প্রতিনিবধি) : দিনাজপুর চিরিরবন্দরের আত্রাই নদী থেকে দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১২ ) সকাল ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে বানিয়াখারী ঘাটের আত্রাই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্রাই নদী থেকে আনুমানিক (২৪) ও (২৮) বছর বয়সী দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে লাশ দুটি নদীতে ভাসছে।
তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। লাশ দুটি উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, সকালে নদীর ধারে এসে দেখি দু’টি লাশ ভাসছে। বিষয়টি খুবই ভয়াবহ। এমন ঘটনা আগে কখনো এখানে ঘটেনি। আমরা দ্রুত গ্রাম পুলিশকে জানাই।
এদিকে, বানিয়াখারী এলাকার দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে লোকজনকে দূরে রাখি এবং তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করি। পুলিশ দ্রুত এসে লাশ উদ্ধার করে।


