চিকলী ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ ইউনিটের ফলাফলে অসঙ্গতি দেখা দেওয়াই পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক সাইদুর রহমান জানান, ওএমআর শিটে কিছু অসঙ্গতি ছিল, যার ফলে রিড করার সময় মিস এলাইনমেন্ট হয়। এটি একটি টেকনিক্যাল ত্রুটি। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় যাচাই করা হয়েছে।

তিনি আরও জানান, মোট ১৭টি উত্তরপত্রে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। নতুন করে মেধা তালিকা প্রকাশ করা হবে। যার ফলে মেধা তালিকায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে।
নতুন ফলাফল ঘোষণার ব্যাপারে তিনি বলেন, আজ রাতেই নতুন মেধা তালিকা ফলাফল ঘোষণা হতে পারে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, গত ৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়। ফল প্রকাশের পর থেকেই একাধিক ভর্তি পরীক্ষার্থী এ ফলে অনিয়ম হয়েছে, এমন অভিযোগ করেন। এসব অভিযোগের পর ১৪ জানুয়ারি ডিনদের নিয়ে জরুরি বৈঠকে বসেন উপাচার্য। পরে দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার দুই সহ-উপাচার্য, ডিন, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোছাইনকে নিয়ে বৈঠক করেন উপাচার্য।
উল্লেখ্য, ‘এ’ ইউনিট বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ নিয়ে গঠিত। এতে মোট আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এতে পরীক্ষা দিয়েছিলেন ৭৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪১ হাজার ৬০৯ জন পাস ও ৩৭ হাজার ৮০১ জন ফেল করেছেন। সে হিসাবে পাসের হার প্রায় ৫২ শতাংশ।


