চিকলী নিউজ : নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরবঙ্গের তিন জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।
মীর সেলিম ফারুক বলেন, আমাদের নীলফামারী জেলার উন্নয়ন অগ্রগতি সব বিষয় নিয়ে সেদিন তিনি বক্তব্য রাখবেন। তার হাত ধরেই নীলফামারীর উন্নয়ন হবে। আমরা সরকার গঠন করলে দেশের কী কী উন্নয়ন করবেন তিনি সেসব নিয়েও উত্তরবঙ্গের জনসভাগুলোতে আলোচনা করবেন।


