চিকলী নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামী নারী সমর্থকরা মিছিল করেছেন। দীর্ঘ ওই মিছিলের সম্মুখসারিতে ছিলেন নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড. আলফারুক আব্দুল লতীফ।
রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড় থেকে নির্বাচনি মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নীলফামারী পৌর বড় মাঠে গিয়ে শেষ হয়।

এতে সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নারীরা মিছিলে অংশগ্রহণ করেন। সকাল ৯টা থেকে সদর উপজেলার জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে জড়ো হতে থাকেন নীলফামারী বড় বাজার ট্রাফিক মোড়ে। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড়, কিচেন মার্কেটসহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়।
এরপর মিছিল শুরু হলে গোটা নীলফামারী শহর মিছিলের শহরে পরিণত হয়। থেমে যায় যান চলাচল। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি মামুনুর রশীদ পাটোয়ারী প্রমুখ।


