চিকলী নিউজ : স্বাস্থ্যসম্মত হাসপাতাল ও পরিচ্ছন্ন নগর গঠনের প্রত্যয়ে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। নীলফামারী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ-এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্যের সরাসরি অংশগ্রহণে নীলফামারী ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

কর্মসূচির সূচনালগ্নে সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন, যা উপস্থিত সবার মাঝে ইতিবাচক বার্তা সৃষ্টি করে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েবে আমীর মোহাম্মদ মুছা, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আওয়ালসহ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরিচ্ছন্নতা অভিযান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা বিষয়ে খোঁজখবর নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়; নিয়মিত ও ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলমান থাকবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসন, চিকিৎসক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও মানবিক সেবার কোনো বিকল্প নেই।


