নাজমুজ সাকিব,পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবের বাজারের কৃতি সন্তান আরাফাত হোসেন এক অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৫-এ অংশ নিয়ে দেশজুড়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় সেরা হয়ে তিনি অর্জন করেছেন চ্যাম্পিয়নের খেতাব, যা দিনাজপুর জেলার জন্য এক অনন্য গৌরবের বিষয়।
প্রতিযোগিতাটি ১০ ও ১২ সেপ্টেম্বর তারিখে মোট ৩ দিন ব্যাপী রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে ওমেন্স কম্প্লেক্সে অনুষ্ঠিত হয়। যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিটি পর্বে চমৎকার কৌশল, সাহসিকতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে আরাফাত হোসেন বিচারকদের নজর কাড়েন এবং শেষ পর্যন্ত প্রতিযোগীতার শীর্ষস্থান দখল করেন।

ছোটবেলা থেকেই আত্মরক্ষা ও ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ ছিলো আরাফাতের। পরবর্তীতে নারায়ণগঞ্জের স্থানীয় মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যবসায়ের সঙ্গে প্রশিক্ষণ নিতে নিতে আজ তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। প্রশিক্ষকদের কাছেও একজন প্রতিভাবান ও মননশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত।
তার এই অভূতপূর্ব সাফল্যে পার্বতীপুর তথা গোটা দিনাজপুর জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। ভবের বাজার এলাকার বাসিন্দারা তাকে সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি ও শিক্ষকমহল তার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন।
এ বিষয়ে আরাফাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই সাফল্য আমার একার নয়। আমার প্রশিক্ষক, পরিবার ও এলাকার মানুষের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হত না। আমি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরতে চাই।
জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগীতার মত মর্যাদাপূর্ণ আসরে আরাফাত হোসেনের এই জয় শুধু ব্যক্তি অর্জন নয়, এটি দিনাজপুর জেলার ক্রীড়া উন্নয়নেরও প্রতিচ্ছবি। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে এতে কোন সন্দেহ নাই।


