চিকলী নিউজ : নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার বলেছেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জকে একটি আধুনিক, স্বনির্ভর ও উন্নত জনপদে রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি এই এলাকার ভাগ্য উন্নয়নে আমি কাজ করবো। এই অঞ্চলকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার বাংলা হাই স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর সরকার বলেন, সৈয়দপুর ও কিশোরগঞ্জের উন্নয়ন শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি বাস্তবভিত্তিক পরিকল্পনার অংশ। তিনি জানান, উন্নয়নের মূল ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক বসবাসযোগ্য নগরায়ণ।

তিনি বলেন, আমাদের চেয়ারম্যান সৈয়দপুর ও কিশোরগঞ্জের উন্নয়নের কথা বলেছেন। আমি তাকে স্পষ্টভাবে জানিয়েছি রেলওয়ে কারখানার সম্প্রসারণ করতে হবে এবং সেখানে নতুন লোকবল নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা দাবি তুলেছি সৈয়দপুর বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ করতে হবে, যাতে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে হবে, যাতে উত্তরাঞ্চল আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়।”
কিশোরগঞ্জের প্রশাসনিক উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, আমি স্পষ্টভাবে দাবি করেছি কিশোরগঞ্জ শহরকে পৌরসভায় রূপান্তর করতে হবে। এটি শুধু প্রশাসনিক স্বীকৃতি নয়, এটি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রথম ধাপ। সৈয়দপুরের ভবিষ্যৎ প্রশাসনিক মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, সৈয়দপুরকে জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে এই প্রতিশ্রুতি আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন।
অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, আমি আমাদের নেতা কে বলেছি সৈয়দপুর উপজেলার ২২ ক্যাম্পকে পরিকল্পিত, আধুনিক ও মানবিক বসবাসযোগ্য নগর জনপদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, এই উন্নয়ন হবে পরিকল্পিত নগরায়ণ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও মানবিক মর্যাদাভিত্তিক।
নিজের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, আমি সৈয়দপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আজ ৪৪ বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য নারী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, কামারপুকুর কলেজও আমি প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানগুলোই মানবসম্পদ উন্নয়নের ভিত্তি।
অধ্যক্ষ গফুর সরকার বলেন, আগামী দিনে আমি সৈয়দপুর ও কিশোরগঞ্জ এই দুই উপজেলাকে কেন্দ্র করেই উন্নয়নের রাজনীতি পরিচালনা করতে চাই। মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচার।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


