চিকলী নিউজ : পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়।মানববন্ধনে সনাক, ইয়েস গ্রুপ ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়। পরিবেশ ও জলবায়ু-সংশ্লিষ্ট প্রতিটি উন্নয়ন কার্যক্রমে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
স্বচ্ছতা না থাকলে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদীভাঙন, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। এ থেকে বাঁচতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে হবে। এছাড়া জলাভূমি দখল, বন উজাড় ও প্লাস্টিক দূষণ বন্ধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান তারা।
টিআইবির পক্ষ থেকে পরিবেশ সুরক্ষায় ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ আদালত আইন সংশোধন এবং পরিবেশ ও জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা। বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত কর্তব্য। একটি বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়তে রাষ্ট্র ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


