চিকলী ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে, সেখানে সহিংসতা হতে পারে। নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আনফেয়ার কতটা হলো তা বোঝা যায় না।
সোমবার বিকালে হোটেল ওয়েস্টিনের লবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা নির্বাচনে যাবো না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।
নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ্য হয়, তবেই আমরা বিবেচনা করবো। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।
এ সময় তিনি আরও বলেন, এনডিআই এবং আইআরআই প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা আমাদের নির্বাচন পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে কখন কীভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চেয়েছেন তারা। জিএম কাদেরের সাথে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, উপদেষ্টা মাসরুর মওলা ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।


