চিকলী নিউজ : নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, ব্রিগেড কমান্ডার ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রাহমান পিএসসি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল ইসলাম, জসিম উদ্দিন, ফজলুল হক ও বেগম রোকেয়া হাউজ নামে চারটি হাউজে বিভক্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির নার্সারী শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিরা শিক্ষার্থীরা ২৩টি ইভেন্টে অংশ নেয়। এতে ফজলুল হক হাউজ চ্যাম্পিয়ন ও নজরুল ইসলাম হাউজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো সহ কয়েকটি ইভেন্ট এবং পুরুষ ও মহিলা অতিথি ও অভিভাবকদের যথাক্রমে রশি টানাটানি ও বালিশ চালনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে এবং ব্যাপক আনন্দ দেয়।
এর আগে প্রতিষ্ঠানের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই রঙিন বেলুন ও ফেন্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম। পরে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সবশেষে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও হাউজের গেমস্ প্রিফেক্টদের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) খোন্দকার আব্দুল আলিম, উপাধ্যক্ষ (স্কুল) মো. মহসিন আলম, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. রফিকুল ইসলামসহ পরিচালনা পর্ষদের সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা, ও শিক্ষার্থীরা।


