16.4 C
Saidpur

সত্য প্রকাশে সাহসী

বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নীলফামারীর ৪ আসনের উর্দুতে নির্বাচনী প্রচারণা

চিকলী নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ আসনের সৈয়দপুর শহরে নির্বাচনী প্রচারণায় দেখা দিয়েছে ভিন্নমাত্রার কৌশল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং করে ভোট প্রার্থনা করা হচ্ছে। উর্দু ভাষায় পরিবেশিত হচ্ছে নির্বাচনী গান, গজল ও প্রচারণামূলক বার্তা, যেখানে প্রার্থীর নাম, প্রতীক (মার্কা) ও ভোট দেওয়ার আহ্বান স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের উল্লেখযোগ্য সংখ্যক উর্দুভাষী (বিহারি) জনগোষ্ঠীর ভোটারদের কাছে সরাসরি ও সহজভাবে বার্তা পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে উর্দুভাষী ভোটাররা প্রার্থীদের পরিচয়, প্রতীক ও নির্বাচনী প্রতিশ্রুতি নিজ ভাষায় বুঝতে পারছেন, যা প্রচারণায় নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, আমরাও এ দেশের পূর্ণ নাগরিক। আমাদের ভোটাধিকার আছে, জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে খুব কমই বাস্তবায়ন হয়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে ক্যাম্পবাসীরা এখনও পিছিয়ে রয়েছে।

সৈয়দপুরে উর্দু ভাষায় নির্বাচনী মাইকিং একদিকে যেমন উর্দুভাষী ভোটারদের কাছে সহজভাবে বার্তা পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে, অন্যদিকে ভাষা, ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রশ্নে নতুন আলোচনা তৈরি করছে। ফলে এই ব্যতিক্রমী প্রচারণা শুধু একটি নির্বাচনী কৌশল নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবেও স্থান করে নিচ্ছে।

- Advertisement -spot_img

আরও খবর

আপনার মন্তব্য:

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisement -spot_img

সদ্যপ্রাপ্ত

জাতীয়